পাকিস্তানের একটি শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ারও রয়েছেন। খবর রয়টার্সের।

সারগুধা শহরে ক্যান্টনমেন্টের ভিতরের একটি মসজিদে রবিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, মুখোশধারী কয়েক ব্যক্তি এসে মসজিদটিতে হামলা চালায়। এতে ব্রিগেডিয়ার ফজল জহুর নিহত হন। তিনি এ সময় মসজিদে ইবাদতে রত ছিলেন।

বন্দুকধারীরা একটি মোটরসাইকেলে করে এসে মসজিদে অবস্থানরতে ব্রিগেডিয়ার ফজল জহুর এবং তার ভাই ফজল হাসনাত ও আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। হামলার দায়ভার কেউ স্বীকার করেনি।

হিউম্যান রাইটস ওয়াচ-এর দেয়া তথ্যমতে, ২০১২ সালে দেশটিতে শিয়া ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সুন্নী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় এখনো পর্যন্ত আট শতাধিক শিয়া মুসলিম নিহত হয়েছেন।

সুন্নী গোষ্ঠী লস্কর-ই-জাংভি ঘোষণা দিয়েছে তারা দেশটিতে সুন্নীদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছে। তারা শিয়াদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে। অন্যথায় তাদের হত্যা করা হবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে তারা। সূত্র: রয়টার্স

ঢাকা, ০৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ