ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। একইদিন চীনের হংকং ও হুবেই প্রদেশে বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। এছাড়া স্পেনের ক্যানারি আইল্যান্ডে একটি পর্যটকবাহী নৌকায় আগুন লেগে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন।

শনিবার পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন, চালক সহ আহত হয়েছেন ১৬জন। বাসের ৪০ জন যাত্রীর সবাই স্থানীয় পর্যটক বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, পাহাড়ী রাস্তা দিয়ে তানকুবান পর্বতের দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে, এ হতাহতের ঘটনা ঘটে।

বেশিরভাগ যাত্রীই বানতেন প্রদেশের তানগেরাং এর বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইন্দোনেশিয়ায় প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত জুলাই মাসে বালি থেকে পূর্ব জাভা যাওয়ার সময় লরির ধাক্কায় ১০জন বাসযাত্রী নিহত হন।

হংকং এ একটি দোতলা বাস উলটে অন্তত ১৮জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৬০ জনেরও বেশি যাত্রী। আহত দশজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার নিউ টেরিটোরিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেপরোয়া গতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫জন নিহত হন, পরে হাসপাতাল নেয়ার পর মারা যান আরো তিনজন। নিহতদের মধ্যে তিন নারী রয়েছে বলে জানা গেছে। বাসটির আরোহীরা ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই চালককে আটক করেছে পুলিশ। একইসাথে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়।

নিউ টেরিটোরিস নর্থ পুলিশ নিয়ন্ত্রক লি চি ওয়াই বলেন, 'পুলিশ এরইমধ্যে বাস চালককে আটক করেছে। বিপদজনক গাড়ি চালনার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে, নিউ টেরিটোরিস নর্থ পুলিশ বিভাগ এই মামলা লড়বে।

দুর্ঘটনার শিকার প্রত্যেকের পরিবারকে দশ হাজার ডলার করে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বাস কর্তৃপক্ষ। বাস কোম্পানি থেকে জানানো হয়, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে মধ্য চীনের হুবেই প্রদেশে একটি মিনিবাসের সাথে ট্রাকের ধাক্কায় অন্তত দশজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন। পুলিশ জানায়, ইয়াংজিন শহরের ন্যাশনাল হাইওয়ে তে মিনিবাস ও একটি ভারি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মিনিবাসে থাকা ১১ জন যাত্রীর দশ জনই নিহত হন। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। হতাহত সবাই পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের রুইচাং এর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, স্পেনের টেনেরিফ অঞ্চলের কোস্টা আদেজে উপকূলে পর্যটকবাহী একটি নৌকায় আগুন লেগে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটি উপকূলের কাছাকাছি পৌছাতেই হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। প্রাণে বাঁচতে নৌকার দুজন আরোহী সাগরে লাফিয়ে পড়েন বলে জানান তারা।

আশেপাশে থাকা কয়েকটি নৌকা বাকিদের উদ্ধারে এগিয়ে আসে। এ ঘটনায় আহতের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এসএম