ভারতের হিমাচল প্রদেশের শিমলার নেরওয়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তরাখণ্ডের বিকাশ নগর থেকে হিমাচল প্রদেশের টুনিতে যাওয়ার পথে দুই রাজ্যের সীমানায় দুর্ঘটনাটি ঘটে।

শিমলার পুলিশ সুপার ডি ডব্লুউ নেগি জানিয়েছেন, ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে উত্তরাখণ্ড সরকার দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে গুরুতর আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার ও সামান্য আঘাতপ্রাপ্তদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

এমই