পাম তেল কেনা বন্ধ করার জবাবে ভারতের বিরুদ্ধে কোনও বাণিজ্যিক ‘প্রতিশোধ’ নিতে নারাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, প্রতিশোধের চেয়ে তারা সংকট নিরসনের পথে অগ্রসর হতে চান।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মাহাথিরের সমালোচনার প্রতিবাদে এ মাসেই মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম তেল আমদানি নিষিদ্ধ করে ভারত। পূর্ববর্তী এক মন্তব্যে মাহাথির বলেছিলেন, ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না, সে সম্পর্কে অবগত কুয়ালালামপুর। সে সময় মাহাথির বলেন, তার দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।
সোমবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলে মাহাথির সাংবাদিকদের বলেন, ‘প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার প্রশ্নে আমরা ছোট একটি দেশ। বরং এ থেকে উত্তরণের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে।’
এরআগে মাহাথির মোহাম্মদ জাতিসংঘে দেওয়া এক বক্তৃতায় ভারত কাশ্মিরকে ‘আক্রমণ ও দখল’ করে রেখেছে বলে মন্তব্য করেছিলেন। ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েককে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানোর প্রশ্নে মাহাথিরের অনিচ্ছার কারণেও দিল্লি-কুয়ালালামপুর সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছে।





