বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের ১৭তম জাতীয় লোকসভা নির্বাচনের চূড়ান্ত পর্ব ফলাফল গণনার কাজ শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই গণনার কাজ শুরু হয়।
এনডিটিভির সর্বশেষ খবর অনুযায়ী, বিজেপি ৬৬ টি আসনে এগিয়ে আছে। অপরদিকে কংগ্রেস ২০টিতে এগিয়ে আছে। পুরো প্রক্রিয়াই ভিডিও ক্যামেরার সামনে চলছে। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট। এর পরই পরেই ইভিএম গণনা শুরু হবে।
প্রতিটি ইভিএম গণনা প্রক্রিয়ায় প্রায় আধঘণ্টার মতো সময় লাগেবে। ইভিএম গণনার পরেই ভিভিপ্যাট গণনা করা হবে। প্রথমবারের মতো ভিভিপ্যাট যন্ত্র ব্যবহারের কারণে ভোটের ফল ঘোষণা হতে কিছুটা দেরি হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৫৪২টিতে ভোটগ্রহণ হয়। ক্ষমতায় আসতে যেকোনো দলকে ২৭১টি আসন পেতে হবে।
এর আগে গত নির্বাচনে তিন দশকের মধ্যে প্রথম কোনও দল হিসেবে কেন্দ্রে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদির বিজেপি। এবার রাহুল গান্ধীর কংগ্রেস-সহ ২১টি বিরোধীদের সঙ্গে কড়া চ্যালেঞ্জ মোকাবেলা করে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চায় তারা।
এর আগে ৯০ কোটি ভোটারের দেশ ভারতে বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ১৯ মে। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাতটি ধাপে ভোট গ্রহণ হয়েছে। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।
দেশটির নির্বাচন পদ্ধতি অনুযায়ী, ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন।
প্রসঙ্গত, ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন সম্পন্ন হতে সময় লাগে তিন মাস।
এএস





