গতমাসে পাকিস্তান সীমান্ত থেকে অপহৃত ৫ ইরানি সীমান্তরক্ষীর ১জনকে হত্যা করার যে দাবি পাকিস্তানভিত্তিক উগ্র জঙ্গিরা করেছিল তেহরান তা নিশ্চিত করেছে।
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী আসগার মিরশেকারি বলেছেন,সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী,৫ ইরানি সীমান্তরক্ষীর ১জনের শাহাদাতের খবর সঠিক। শহীদ ইরানি সীমান্তরক্ষীর নাম জামশিদ দানায়িফার। তাকে নির্মমভাবে হত্যা করে উগ্র জঙ্গিরা।
এর আগে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জেইশুল আদল রোববার এক টুইটার বার্তায় দাবি করে,তারা ১জন ইরানি সীমান্তরক্ষীকে হত্যা করেছে।
এসব সন্ত্রাসী গত ৬ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাকিগুর এলাকা থেকে ৫ ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায়। সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ চ্যানেল সবার আগে এ অপহরণের খবর প্রচার করে।
এ কারণে ধারণা করা হয়,ইরানি সীমান্তরক্ষীদের অপহরণের ঘটনায় পাকিস্তানের কিছু সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনাকারী সৌদি আরবের হাত রয়েছে।
ইরানি সীমান্তরক্ষীরা অপহৃত হওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত নূর মোহাম্মাদ জাদমানিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে এ ব্যাপারে তেহরানের প্রতিবাদের কথা জানিয়ে দেয়া হয়।
অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য তেহরান সবরকম কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে; এমনকি বেসরকারি পর্যায়েও তাদের মুক্তির জন্য বিভিন্ন চ্যানেলে যোগাযোগের চেষ্টা চালিয়েছে।
ইরান এও বলেছে,অপহৃত ইরানি সীমান্তরক্ষীরা পাকিস্তানে অবস্থান করছেন বলে তাদেরকে মুক্তির দায়িত্ব পাকিস্তান সরকারের।
পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এই প্রথম ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়নি। ২০১৩ সালের ২৫ অক্টোবর এই গোষ্ঠী ১৪ জন ইরানি সীমান্তরক্ষীকে হত্যা ও অপর ৬জনকে আহত করে। সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান শহরের কাছে ওই নৃশংস হত্যাকাণ্ড চালায় সন্ত্রাসীরা। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]