ভারতের উত্তরাখন্ড প্রদেশে ভারী বৃষ্টিপাতে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
প্রবল বর্ষণে পাউরি ও উত্তরাখন্ডের অন্যান্য এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু বাড়িঘর ধসে গেছে ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে ২৪ জনের প্রাণহানি ঘটেছে।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তরাখন্ডে প্রবল বৃষ্টিপাতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।’
উত্তরাখন্ডে শনিবার ভোরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে তিনটি বাড়ি মাটিচাপা পড়ে। এতে এক নারীসহ সাত জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে উত্তরাখন্ডে দুই দিনে প্রাকৃতিক দুর্যোগটিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, নগরীর কাঠবাংলা এলাকায় রাত দুটার দিকে এ ঘটনাটি ঘটে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতে ভূমিধসের সৃষ্টি হয়। এতে পাহাড়ের কিছু অংশ ওই বাড়ি তিনটির ওপর ধসে পড়ে। বাড়িগুলোতে তিনটি পরিবার বাস করত।
পাউরিতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মীরা খনন কাজ শুরু করে।
রাজপুর থানার এসএইচও রাজেশ শাহ্ বলেন, ভূমিধসে চাপা পড়া বাড়িগুলো থেকে এক নারীসহ সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ভূমিধসের সময় তারা ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে দুন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বর্ষণজনিত পৃথক ঘটনায় পাউরি, দেরাদুন ও পিথোরাগড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র: বিএসএস
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





