জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অধ্যয়নরত বাংলাদেশি এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।
ভারতের দিল্লিতে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি দেশটির অন্যতম গুরুত্বরপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। বাংলাদেশের বহু ছেলেমেয়ে দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা ও গবেষণা করছেন।
এ ঘটনায় শিক্ষক এবং ছাত্রী কারও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
বাংলাদেশি ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ আনেন। তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের কেন্দ্রীয় ও দিল্লি সরকার জানাচ্ছে, দেশটির যে সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যৌন হয়রানির অভিযোগ আসে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই।
গত বছর দিল্লির ষোলোটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একশ’র বেশি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে পঞ্চাশের বেশি অভিযোগ এসেছে শুধু এই বিশ্ববিদ্যালয় থেকে।
দেশটিতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরখাস্ত করার ঘটনা বেশ বিরল।
সূত্র: বিবিসি বাংলা।
এআই





