পরীক্ষার সংখ্যা বাড়াতে থাকার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা।
শনিবার (২৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
একদিনে রোগীর সংখ্যা বৃদ্ধির এটা নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে এক লাখ ২৫ হাজার ১০১ জনে। এর মধ্যে গত চার দিনেই শনাক্ত হয়েছে ২৫ হাজারের বেশি রোগী। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় এখন ১৩ নম্বরে উঠে এসেছে ভারত। গত কয়েক দিন ধরেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
গত দুই মাসের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বৃদ্ধির সক্ষমতা একশ’ গুণ বাড়িয়েছে ভারত। মার্চে যেখানে প্রতিদিন এক হাজার সন্দেহভাজন রোগীর পরীক্ষা হতো সেখানে বর্তমানে প্রতিদিন প্রায় এক লাখ পরীক্ষা হচ্ছে। নিজ দেশের জনসংখ্যার প্রতি দশ লাখের মধ্যে বর্তমানে ভারতের পরীক্ষার হার প্রায় দুই হাজারটি। এর চেয়ে বেশি আছে কেবল স্পেন (দশ লাখে ৬৫ হাজার), যুক্তরাষ্ট্র ও জার্মানি (উভয়েরই দশ লাখে প্রায় ৩৮ হাজারটি) এবং ফ্রান্সের (দশ লাখে প্রায় ২১ হাজার)।
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে তিন হাজার ৭২০ জনে। এর মধ্যে ১৩৭ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। সরকারি হিসেবে দেখা গেছে চতুর্থ দফার লকডাউনের শুরুতে দেশটির বেশিরভাগ এলাকার বিধিনিষেধ তুলে দেওয়ার পর গত চারদিনে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে দ্রুত বাড়তে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে দুই হাজার ৯৪০ জন শনাক্ত হয়েছে। এরপর তামিল নাড়ুতে শনাক্ত হয়েছে ৭৮৪ জন। এই দুটি রাজ্যতেই ভারতের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে আর তামিল নাড়ুতে এই সংখ্যা ১৪ হাজারের বেশি।
বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় তিন লাখ ৪০ হাজার মানুষের। এদিকে শুক্রবার রাশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্তের দেশে পরিণত হয়েছে ব্রাজিল। আর সর্বোচ্চ শনাক্তের দেশ এখনওন যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। তবে শনিবার দেশটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো দেশটিতে কোনও রোগী শনাক্ত করা যায়নি।
এএস





