পাকিস্তানে ড্রোন হামলায় ৫ বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন।

বুধবার উত্তর ওয়াজিরিস্তানের দত্তখিল এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

ডন অনলাইনের খবরে বলা হয়, নিহতদের অধিকাংশই বিদেশী নাগরিক। তাদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। 

বিদ্রোহীদের বিরুদ্ধে 'জারব-আই-আজব' নামক অভিযান শুরুর পর চতুর্থবারের মতো এ ধরনের ড্রোন হামলা করা হলো।

আফগান সীমান্তের কাছে অবস্থিত উত্তর ওয়াজিরিস্তানে তেহরিকে তালেবান (টিটিপি) এবং বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী তাদের কর্যক্রম চালায়।

উপজাতি অধ্যুষিত এই এলাকাটিতে যুক্তরাষ্ট্র সরকার ড্রোন হামলা চালিয়ে থাকে। পাকিস্তান সরকার নিজেদের সার্বভৌমত্বের কথা বলে এ ধরণের হামলার বিরোধিতা করে আসছে।

কয়েক মাস আগে পাক সরকার এবং টিটিপি'র মধ্যে আলোচনা শুরু হলে  ড্রোন হামলা বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। কিন্তু আলোচনা ব্যর্থ হওয়ার পর গত জুন মাসে আবারো হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সূত্র: ডন অনলাইন।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই