পাকিস্তানের সামরিক বাহিনী খায়বার অঞ্চলে উগ্রবাদী জঙ্গীদের কয়েকটি অবস্থানে হেলিকপ্টার-গানশিপ থেকে ব্যাপক হামলা চালিয়েছে। রোববার সকালে চালানো হামলায় অন্তত পাঁচ উগ্রবাদী জঙ্গি নিহত ও বহু সন্ত্রাসী আস্তানা ধ্বংস হয়েছে। খবর ডন অনলাইনের।
গতকাল শনিবার জমরুদ এলাকায় একটি পোলিও টিমের ওপর উগ্রবাদীদের হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার পর সেনাবাহিনী এ হামলা চালালো। খায়বারের বারা এলাকার অংশবিশেষে চলে আজকের অভিযান।
নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করে বলেছেন, পোলিও টিমের ওপর হামলাকারী মোল্লা তামাঞ্চের প্রধান আস্তানায় হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং তা ধ্বংস হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা আরো জানান, মোল্লা তামাঞ্চের সদর দপ্তর ‘দ্যা আইয়ুবি মারকাজ’ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সেখানেই নিহত হয় পাঁচ গেরিলা।
এছাড়া, কালাঙ্গা ও আশপাশের এলাকায়ও হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়েছে এবং বেশ কয়েকটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়। স্থানীয় লোকজন বলেছে, দীর্ঘসময় ধরে চলে বোমা ও গোলা বর্ষণ।
গতকাল পাকিস্তান তেহরিকে তালেবানের পক্ষ থেকে এক মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করার পর এ হামলা হলো। তবে তালেবানদের সঙ্গে মোল্লা তামাঞ্চের কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত নয়। অবশ্য, তালেবানরাও পাকিস্তানে পোলিও কর্মসূচির বিরোধিতা করে আসছে এবং মাঝেমধ্যেই তারা পোলিও কর্মসূচির সঙ্গে জড়িত লোকজনের ওপর হামলা চালায়।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]