ভারতের বিহার রাজ্যে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ২৭ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মোতিহারির বেলাওয়ে গ্রামের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর একটি বাসে এ আগুন লাগে।
বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। জীবিত চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীবাহী ওই বাসটি বিহারের মুজাফফরপুর থেকে নয়াদিল্লির অভিমুখে যাচ্ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির চালক একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এরপরই বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন উদ্ধারকাজ শুরু করার আগেই বাসটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় মুজাফফরপুরের আঞ্চলিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) সুনীল কুমার জানান, পোড়া বাসটি থেকে ছাই সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিহত যাত্রীদের পরিবারকে চার লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিহারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের মন্ত্রী দীনেশচন্দ্র যাদব বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসার জন্য মোতিহারি ও মুজাফফরপুরের হাসপাতালগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে।
এমআর





