লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে ঘোষণা দিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) । গত বুধবার জিসিসির মহাসচিব আবদুল লতিফ আল-জায়ানি এই তথ্য নিশ্চিত করেছেন।

জিসিসির সদস্য দেশগুলো হলো, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সুন্নিপন্থি দেশগুলো দ্বারা নিয়ন্ত্রিত জিসিসির অভিযোগ, হিজবুল্লাহ উপসাগরীয় দেশগুলোতে তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করছে।

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে লড়াই করছে হিজবুল্লাহ। এই সংগঠনটিকে সমর্থন জানিয়ে আসছে সৌদি আরবের বৈরি দেশ হিসেবে পরিচিত ইরান। সিরিয়া যুদ্ধে এ দুটি দেশের অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। এমন অবস্থায় বেশ কিছুদিন ধরেই হিজবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রকমের কড়া ব্যবস্থা নিচ্ছে উপসাগরীয় দেশগুলো। গত মাসে নিজ নিজ দেশের নাগরিকদের হিজবুল্লাহ প্রভাবিত লেবানন ছাড়ার নির্দেশ দেয় কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। এছাড়া লেবাননে বিভিন্ন তহবিলও বন্ধ করে দিচ্ছে দেশগুলো।

এর আগে গত মঙ্গলবার হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ টেলিভিশনে দেয়া এক ভাষণে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সৌদি সরকার লেবাননের জনগণের ওপর চাপ প্রয়োগ করে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু সৌদি আরব ইয়েমেনসহ অন্য দেশগুলোতে যে অপরাধ সংঘটিত করছে তার বিরুদ্ধে আমাদের চুপ করানো যাবে না।'

এসটি