ঘূর্ণিঝড় হুদহুদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। রোববার এটি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানে। এতে মারা গেছে আট জন।
আবহাওয়া দপ্তরের মতে, ঝড়টি রোববার রাতে উড়িষ্যা অতিক্রম করে। সোমবার সকালে ক্রমান্বয়ে দুর্বল হয়ে দক্ষিণ ছত্তিশগড় ও আশেপাশে এলাকার ওপর গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বর্তমানে ঝড়টি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে।
হুদহুদের আঘাতে বিশাখাপত্তনামের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি, টেলিফোনের টাওয়ার ভেঙে পড়েছে। বিশাখাপত্তনাম বিমানবন্দরের মারাত্মক ক্ষতি হয়েছে। ফলে কর্তৃপক্ষ বেশ কিছু ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।
এ ছাড়া উত্তরাঞ্চলীয় উপকূলীয় জেলা শ্রীকাকুলাম ও ভিজিয়ানগরমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হুদহুদের কারণে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার ঘোষণায় বলা হয়েছে।
এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘূর্ণিঝড়কে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি কেন্দ্র থেকে দুই হাজার কোটি রুপি ত্রাণসহায়তা প্যাকেজ ঘোষণারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্র থেকে সব ধরণের সহায়তা দিতে চন্দ্রবাবুকে আশ্বস্ত করেন।
এসএমএ





