মিয়ানমারের কোকাং প্রদেশে জরুরী অবস্থা ঘোষণা করে তিন মাসের জন্য সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। খবর বিবিসি ও ইরাবতীর।
স্বায়ত্তশাসিত প্রদেশটির রাজধানী লোকাইয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সেনাবাহিনী ও কোকাং বিদ্রোহীদের মধ্যে সিরিজ সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে কারফিউ চলার পরও প্রদেশটিতে বিদ্রোহীদের অব্যাহত সংঘর্ষে সরকার সেখানে সামরিক আইন জারির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
দেশটির সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং হ্লেইংকে কোকাংয়ের প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা দিয়েছেন প্রেসিডেন্ট। হ্লেইংকে তার ক্ষমতা বিকেন্দ্রীকরণ বা হস্তান্তরের অধিকারও দেওয়া হয়েছে।
কোকাং প্রদেশে ৯ ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক এ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি সেনা ও ২৬ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সংঘর্ষের ফলে চীন সীমান্তসংলগ্ন ওই অঞ্চলটি থেকে বহু নাগরিক চীনে পালিয়ে গেছে।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত সপ্তাহে মিয়ানমারের ৩০ হাজারেরও বেশি নাগরিক চীনে প্রবেশ করেছে।
এসএইচ





