পাকিস্তানে সরকারি আলোচক দল দেশটির তালেবানের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে। সোমবার এ আলোচনা হওয়ার কথা ছিল।
তালেবানরা উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় অপহৃত আধাসামরিক ফ্রন্টিয়ার কোরের ২৩ সদস্যকে হত্যা করে, এ খবর পাওয়ার পর আলোচনাটি বাতিল করা হয়।
রোববার তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)এর একটি অংশ বিবৃতিতে ২০১০ সালের জুনে অপহৃত হওয়া ২৩ সৈন্যকে হত্যার দাবি করে।
তবে সেনাবাহিনী কিংবা সরকার কোন পক্ষই এ হত্যার খবর নিশ্চিত করেনি।
মুখ্য আলোচক ইরফান সিদ্দিকী এক বিবৃতিতে বলেন, অপহৃত কর্মকর্তাদের হত্যার পর সোমবারের নির্ধারিত আলোচনা হবে উদ্দেশ্যহীন।
তিনি জানান, পরবর্তী করণীয় ঠিক করতে তারা মঙ্গলবার বৈঠকে বসবেন।
বার্তা সংস্থা এএফপি ২০১০ সালের ১৭ জুন পার্বত্য জেলা মাহমান্দে বেশ কিছু সৈন্যের নিখোঁজ হওয়ার সংবাদ প্রকাশ করেছিল। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]