মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের যে করুণ দশা তা মিডিয়ার মিথ্যাচার বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন। ভয়েস অব আমেরিকার বার্মিজ (মিয়ানমারের আরেক নাম বার্মা) সার্ভিসকে দেওয়া এক সাক্ষাতকারে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্যাতনের কারণে রোহিঙ্গারা রাখাইন প্রদেশ (মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত প্রদেশ) ছেড়ে যাচ্ছে- এটি গণমাধ্যমের মিথ্যাচার।’থেইন সেইন আরও বলেন, ‘রোহিঙ্গাদের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের বিষয়টি অতিরঞ্জিত।’

বৃহস্পতিবার রাজধানী নেইপিদোতে প্রেসিডেন্টের বাসভবনে থেইন সেইনের সাক্ষাতকারটি নেন ভয়েস অব আমেরিকার বার্মিজ বিভাগের প্রধান থ্যান লুইন হতুন।

বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের রোহিঙ্গারা নানা অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে পাশের বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে। এমন ঘটনাকে মিডিয়ার সাজানো গল্প বলে অভিহিত করেন দেশটির প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘মিয়ানমারের প্রশস্ততা, বসবাসের সুবিধা ও কাজের সুযোগের কারণে অনেকেই (দেশটিতে) বাস করতে চায়। কিন্তু কিছু লোক প্রতিহিংসাপরায়ণ হয়ে নেতিবাচক কথা-বার্তা লেখে। অথচ আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের আন্তরিকভাবেই সহযোগিতা করছে।’

প্রসঙ্গত, মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম রাষ্ট্রহীন অবস্থায় এবং মানবেতর জীবনযাপন করছে। ২০১২ সালে স্থানীয় বৌদ্ধদের সহিংসতায় কয়েকশ’ রোহিঙ্গা মারা যায়। এরপর থেকে এক লাখের বেশি রোহিঙ্গা নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া, বাংলাদেশ ও থাইল্যান্ডে চলে গেছে। আরও প্রায় এক লাখ ৪০ হাজার রোহিঙ্গা বন্দীশিবিরে মানবেতর জীবনযাপন করছে।সূত্র : ভয়েস অব আমেরিকা।

ইআর