এবার গত আড়াই বছরে পশ্চিমবঙ্গে কত জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয় সেই সংখ্যা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই, তা নিয়ে বুধবার রাজ্যসভায় লিখিত প্রশ্ন করেছিলেন দুই বিজেপি সাংসদ শম্ভুশরণ পাটেল এবং নীরজ শেখর। পাশাপাশি আরও জানতে চাওয়া হয়েছিল, সীমান্তে কাঁটাতারের বেড়া না-থাকার কারণে কি অনুপ্রবেশ বাড়ছে?

সেই সব প্রশ্নের জবাব দিতে গিয়েই গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে কত জন বাংলাদেশি অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন, তার হিসাব দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

তিনি জানান, ২০২৩ সালে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েন ১ হাজার ৫৪৭ জন বাংলাদেশি। ২০২৪ সালে ১ হাজার ৬৯৪ জন এবং ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ৭২৩ জনকে আটক করা হয়।

এর মধ্যে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ২০২৪ সাালের আগস্টে ২১৪, সেপ্টেম্বরে ৩০০, অক্টোবরে ৩৩১, নভেম্বরে ৩১০ এবং ডিসেম্বরে ২৫৩ জনকে আটক করা হয়। আটক সকলেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানান ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

নিত্যানন্দ রাই আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার জুড়ে। তার মধ্যে কাঁটাতারের বেড়া রয়েছে ১ হাজার ৬৪৭ দশমিক ৬৯ কিলোমিটার এলাকায়। ৫৬৯ কিলোমিটার এলাকায় বেড়া নেই। তার মধ্যে ১১২ দশমিক ৭৮ কিলোমিটার এলাকায় বেড়া বসানো সম্ভবও নয় নানা কারণে। বাকি ৪৫৬ দশমিক ২২ কিলোমিটার এলাকার মধ্যে ৭৭ দশমিক ৯৩ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ চলছে এবং ২২৯ দশমিক ৩১ কিলোমিটারের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। তবে ১৪৮ দশমিক ৯৭১ কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ এখনো শুরু হয়নি।

এমএম