পাকিস্তানের বেলুচিস্তানে ঘাস কাটাকে কেন্দ্র করে দুটি উপজাতীয় গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। খবর ডন অনলাইনের।
সরকারি সূত্রে জানা গেছে, আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার দক্ষিণে ঝাল মাগসি শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বেলুচিস্তানের প্রত্যন্ত ও জনবিরল এ এলাকায় পানি ও গৃহপালিত পশুর জন্য ঘাস নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা বিরল নয়। এখানকার অনেকের কাছেই অস্ত্র থাকায় তারা প্রায়ই সহিংস হয়ে ওঠে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আরবাব খান এএফপিকে বলেন, অবৈধভাবে প্রবেশ করে ঘাস কাটার কারণে পিচো গোত্রের এক লোক মাচি গোত্রের এক লোককে গুলি করে হত্যা করে। এ ঘটনার জের ধরে দুই গোত্রের মধ্যে সংঘর্ষ বাধে।
তিনি বলেন, এই ঘটনার পর মাচি গোত্রের কয়েকজন পেচো গোত্রের এক লোকের বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ঘটনাস্থলে আটজনকে হত্যা করে। ঘটনায় আরো দুজন হাসপাতালে মারা যায়।
বেলুচিস্তান পাকিস্তানের একটি স্বল্পোন্নত ও সর্বাধিক গোলযোগপূর্ণ এলাকা। দীর্ঘকাল ধরে এ এলাকায় জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা সন্ত্রাস চালিয়ে আসছে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ০৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]