বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৪৮৮ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৬৬ লাখ ৪২ হাজার ২৬৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৭ লাখ ৫৪ হাজার ২০৯ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৫৭৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৯৬৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ২৬ হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৩৩২ জন বা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী ৬৩৩ জন বা ২১ দশমিক ৩৫ শতাংশ। আর মোট শনাক্ত হয়েছে দুই লাখ ২৬ হাজার ২২৫ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা বুলেটিনে জানান, গত এক দিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৫৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছে ২০ দশমিক ১২ শতাংশ।

নতুন মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১১ জন নারী। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যু হার এখন পর্যন্ত ১ দশমিক ৩১ শতাংশ।

করোনাভাইরাস থেকে এক দিনে সুস্থ হয়েছে আরো এক হাজার ৮০১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখ ২৬ হাজার ২২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এমআর