জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার মধ্য দিয়ে ইরানের দৃঢ় অবস্থান ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়েছে, সফল হয়েছে ইরান।

ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে ইরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। কিন্তু রাশিয়া তাতে ভেটো দিয়েছে। ইরান ইয়েমেনে অস্ত্র সরবরাহ করছে বলে ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছিল।

আব্বাস আরাকচি আরও বলেন, মার্কিন সরকার গত এক বছরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বহুবার ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। এর মধ্য দিয়ে এটা আবারও স্পষ্ট হয়েছে যে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হচ্ছে এবং ইসলামি প্রজাতন্ত্রের অবস্থান শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট তৈরির প্রক্রিয়াটিই ছিল বিদ্বেষপূর্ণ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে মধ্যপ্রাচ্যবিষয়ক বর্তমান নীতি অব্যাহত থাকবে।
এসএম