এবোলা জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ নাইজেরিয়ার একজন নার্স, সৌদি আরবের একজন ব্যবসায়ী এবং লাইবেরিয়াতে অবস্থানরত এক স্পেনিশ ধর্মযাজক মারা গেছেন। খবর, সিএনএন'র।

এবোলা এমন এক ধরনের জ্বর যাতে আক্রান্ত রোগীর প্রায় ৯০ শতাংশের মৃত্যু হতে দেখা গেছে। আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস, মলমূত্র ও অন্যান্য তরল বর্জ্য থেকে এবোলা ছড়িয়ে পড়ছে। রোগটির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে, পৃথিবীতে এখন পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা (হু) জানিয়েছে, এবোলা জ্বরে এ পর্যন্ত ৯৩২ জনের মত্যু হয়েছে। এবোলা প্রাদুর্ভাবের তালিকায় নতুন যুক্ত হয়েছে সৌদি আরবের নাম।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টারের পরিচালক ডা. টম ফ্রাইডেন বলেছেন,"এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল এবোলা প্রাদুর্ভাব।"

এবোলা ভাইরাসে মৃত্যুবরণকারীদের প্রায় সবাই আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরালিওন এবং জিবুতির নাগরিক। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শনিবার থেকে সোমবারের মধ্যে ১০৮ জন ব্যক্তি নতুন করে এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। সূত্র: সিএনএন

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই।