পাকিস্তানে চলমান রাজনৈতিক সংকট নিরসনে গতকাল রবিবার নতুন করে সরকার ও আন্দোলনকারী তেহরিক-ই ইনসাফ বা পিটিআই নেতাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর দু পক্ষই আলোচনায় অগ্রগতির দাবি করেছে। তবে, এখনো বেশ কয়েকটি মৌলিক ইস্যু অমীমাংসিত রয়ে গেছে বলে স্বীকার করেছেন সবাই।

গতকাল দীর্ঘ তিন ঘণ্টার বৈঠক শেষে পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি সাংবাদিকদের জানান, আন্তরিক আলোচনা শুরু হয়েছে এবং দু’পক্ষই জাতিকে চরম রাজনৈতিক অচলাবস্থা থেকে উদ্ধারের চেষ্টা করছে। পাক সরকারের অর্থমন্ত্রী ইসহাক দারও আলোচনাকে ইতিবাচক বলেছেন এবং আজ আবার দু'পক্ষ বৈঠকে বসবে বলে জানান।

আলোচনা নিয়ে এই প্রথম ইমরানের খানের দল এতটা ইতিবাচক ও আশাবাদী কথা বলল। এর আগে পিটিআই’র আলোচকরা সরকারকে আলোচনায় বাধা সৃষ্টির জন্য কিংবা সরকারি পক্ষ আলোচনায় আন্তরিক নয় বলে অভিযুক্ত করেছেন।

এদিকে, ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই’র কর্মী-সমর্থকরা নতুন করে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে শুরু করেছে। ইংরেজি দৈনিক ডন জানাচ্ছে- গতকাল থেকে এ প্রবণতা শুরু হয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক লোকজন যোগ দিয়েছে। ড. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী তেহরিকও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ০৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ