ভারতের বৃহত্তম কফি চেইন ক্যাফে কফি ডের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী জি ভি সিদ্ধার্থ নিখোঁজের পর নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সিদ্ধার্থের বলে ধারণা করছে পুলিশ।

তিনি সেতুতে গাড়ি থামিয়ে হাঁটছিলেন। তার এই আকস্মিক উধাওয়ের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধারে নদীতে অভিযান শুরু হয়েছে।

কর্ণাটকের বিজেপি নেতা জ্ঞানেন্দ্র সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িচালককে ভেতরে অপেক্ষা করতে বলে গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যান সিদ্ধার্থ। প্রায় ঘণ্টা খানেক সময় পার হওয়ার পরও, তিনি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার ব্যক্তিগত গাড়িচালক।

পরে পুলিশকে খবর দেয়া হলে তাকে খুঁজতে মাঠে নামে নিরপত্তা বাহিনী। এ ঘটনা জানার পর বিজেপি নেতা এস এম কৃষ্ণার বাড়িতে যান কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

এদিকে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে ক্যাফে কফি ডের ব্যবস্থাপনা বিভাগ ও কর্মীদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন সিদ্ধার্থ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক টুইটে সিদ্ধার্থের চিঠিটি প্রকাশ করে। সে চিঠিতে সিদ্ধার্থ লিখেছেন, তিনি অসুখী, কারণ অনেক চেষ্টা সত্ত্বেও ‘যথাযথ লাভজনক বিজনেস মডেল’ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। সিদ্ধার্থ আরো লিখেছেন, আয়কর বিভাগের একজন সাবেক মহাপরিচালক তাঁকে হেনস্তা করেছেন।

সিদ্ধার্থের চিঠিতে আরো লেখা আছে, ‘আমি যথাসম্ভব চেষ্টা করেছি। যাঁরা আমার ওপরে আস্থা রেখেছিলেন, তাঁদের আশাহত করায় আমি অত্যন্ত দুঃখিত। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু আর পারছি না, আমি হাল ছেড়ে দিচ্ছি।’

ভারতীয় গণমাধ্যমসূত্রে বলা হয়, কোকা-কোলার সঙ্গে ব্যবসার কথাবার্তা চলছিল সিদ্ধার্থের প্রতিষ্ঠানের। তবে এ বিষয়ে মুখ খোলেনি দুই প্রতিষ্ঠানের কেউ।

ক্যাফে কফি ডে ভারতের বৃহত্তম কফি চেইন। ভারতজুড়ে ক্যাফে কফি ডের এক হাজার ৭৫০টি শাখা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়া, নেপাল, মিসরসহ বিভিন্ন দেশেও আছে ক্যাফে কফি ডের কফিশপ।


সিদ্ধার্থ ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণর জামাতা।

এএস