সপ্তম দিনে মতো ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসন চলছেই।
আজ (১৬ মে) রোববার সকালের দিকেও বিমান হামলা চালিয়েছি ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক।
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে। খবর আল জাজিরা’র।
মাত্র একদিন আগেই একটি শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত হয়। এর কয়েক ঘণ্টা পরেই তেল আবিবে পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। অপরদিকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে রকেট হামলা প্রতিহত করার চেষ্টা করেছে ইসরায়েল।
এদিকে, গতকাল (শনিবার) হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন ধ্বংস করে ইসরায়েল। আকস্মিকভাবে হামলা চালিয়ে গাজার ১১তলা বিশিষ্ট আল-জালা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।
গত সোমবার (১০ মে) থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে, পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জন নিহত হয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছে।
এমবি





