রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়ন বন্ধে এবং চলমান সঙ্কট নিরসনে আজ সোমবার মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে বৈঠকে বসছেন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংঘ আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা।
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি গত সপ্তাহে অনির্ধারিত এ বৈঠক ডেকেছিলেন।
বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে নিজ সরকারের অবস্থান তুলে ধরবেন শান্তিতে নোবেলজয়ী সমালোচিত এ নেতা।
গত ৯ অক্টোবর মিয়ানমারের কয়েকটি পুলিশ ফাঁড়িতে হামলায় পুলিশের ৯জন সদস্য নিহত হয়। এর পর থেকেই রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত রক্ষীবাহিনী বিজিপি।
এরই মধ্যে সহশ্রাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন। অন্তত ৫০ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, অন্তত ২৭ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। কিন্তু দেশটির গণতন্ত্রপন্থি নেতা সু চি দাবি করেছেন, নিয়ন্ত্রণেই রয়েছে রাখাইন। এ জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি।
সম্প্রতি জাতিসংঘ তাকে আহ্বান করেছে, রাখাইনে সরেজমিন গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। এর পরই সু চি গত সোমবার আসিয়ানের বৈঠকের সিদ্ধান্তের কথা জানান।
আসিয়ানভুক্ত দেশ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বৈঠকে যোগ দিচ্ছেন বলে শনিবার নিশ্চিত করে দেশটির প্রভাবশালী দৈনিক জাকার্তা পোস্ট।
রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকা সফরে আসবেন বলেও জানায় দৈনিকটি।
রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে ইন্দোনেশিয়া ছাড়াও আসিয়ানের সদস্য দেশ মালয়েশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ-প্রতিবাদ চলছে বাংলাদেশেও।
এমবি





