সৌদি আরবের মিনায় সংঘটিত বিপর্যয়ের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পার্লামেন্টারি ইউনিয়নকে চিঠি দিয়েছে ইরান।
ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি আজ এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। রাজধানী তেহরানে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ক্রোয়েশিয়া সংসদের স্পিকার জোসেফ লিকো। লারিজানি জানান, তিনি মিনার ঘটনা নিয়ে ওআইসিতে চিঠি লিখেছেন; সেখানেই এখন ঘটনার বিষয়ে আলাপ আলোচনা করা দরকার।
গত ২৪ সেপ্টেম্বর মিনায় ভয়াবহ বিপর্যয় ঘটে। সৌদি আরব বলছে, এ ঘটনায় ৭৭০ জন হাজি নিহত হয়েছেন। কিন্তু ইরানের হজ সংস্থা বলছে ৪,৭০০ হাজি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ইরানের হাজিই রয়েছেন ৪৬৪ জন। ঘটনার ১০ দিন পর ইরানের ১০৪ জন হাজির লাশ নিয়ে প্রথম বিমান শনিবার তেহরান পৌঁছায়।
বাকি লাশগুলো দ্রুত ফেরত দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ড. লারিজানি। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান। সূত্র: রেডিও তেহরান
ইআর





