স্টিভেন স্পিলবার্গযুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। এই বিখ্যাত নির্মাতা ছাড়াও ২০১৫ সালের ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ সম্মাননার জন্য যারা মনোনীত হয়েছেন তাঁদের মধ্যে আছেন সংগীতশিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড, গ্লোরিয়া ইস্তেফান, জেমস টেইলর এবং স্টিফেন সন্ডহেইম।

নভেম্বর মাসের ২৪ তারিখে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছরের ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ সম্মাননা তুলে দেবেন।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’-এর জন্য আরও মনোনীত হয়েছেন বনি ক্যারল, এমিলিও ইস্তেফান, লী হ্যামিলটন, ক্যাথরিন জি. জনসন, উইলি মেস প্রমুখ।

দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই সম্মাননা বিনোদন জগতের ব্যক্তিত্বরাই পেয়ে আসছেন। এর আগে ২০১৪ সালে অভিনেত্রী মেরিল স্ট্রিপ পেয়েছিলেন এই প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম। সংগীতকার স্টিভি ওয়ান্ডারও গত বছর এ সম্মাননা পেয়েছিলেন।

প্রসঙ্গত, নির্মাতা স্টিভেন অ্যালান স্পিলবার্গের জন্ম ১৮ ডিসেম্বর, ১৯৪৬ সালে। মার্কিন এই চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক তিন তিনবার একাডেমি পুরস্কার পেয়েছেন।

চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অগণিত চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে জনপ্রিয় নির্মাতা হিসেবে সেরার আসনটিও দখলে রেখেছেন স্টিভেন স্পিলবার্গ। চলচ্চিত্রে তাঁর গল্প বলার ধরনটি শক্তিশালী ও স্বকীয়। ইন্দো-এশিয়ান নিউজ।

এমআর