ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্যাস প্ল্যান্টে ভয়াবহ আগুন লেগেছে। এটি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন-এর প্ল্যান্ট বলে জানা গেছে। এই গ্যাস কমপ্লেক্সের প্ল্যান্টে আগুন কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এছাড়া অগ্নিদগ্ধ ৮ জনের মধ্য ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭ টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পর পর বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্ল্যান্টের ভিতরেই আটকে পড়েন অনেকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং ক্রাইসিস ম্যনেজমেন্ট টিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই প্লান্টে তেল এবং গ্যাস পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগে এবং মুহূর্তেই ওই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
টুইট করে ওএনজিসি জানিয়েছে, আগুন লেগেছে স্টর্ম ওয়াটার ড্রেনে। তবে এতে তেলশোধনের কাজে কোনও প্রভাব পড়েনি।
কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্ল্যান্টের এক কিলোমিটার এলাকা সিল করে দিয়েছে পুলিশ।
এএস





