পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণপশ্চিমাঞ্চলে স্থানীয় একটি চেকপয়েন্টে রোববার বন্দুকধারীদের হামলায় অন্তত আট উপজাতীয় পুলিশ নিহত হয়েছে। ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী তেল ও গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭মাইল) দক্ষিণপশ্চিমে খুজদার জেলার ওয়াধ এলাকায় এ হামলা চালানো হয়। প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আকবর হুসেন দুররানি এএফপিকে বলেন, ‘ভোরবেলা বন্দুকধারীরা ওই চেকপয়েন্টে হামলা চালিয়ে আট প্রাদেশিক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এই পুলিশ কর্মকর্তারা লেভিস হিসেবে পরিচিত।’ তিনি আরো বলেন, এ হামলায় অপর এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে এ ঘটনা সম্পর্কে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তাও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। সূত্র: এএফপি। [b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই [/b]