এছাড়া উচ্চমাত্রার কম্পনও রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে সরিয়ে নেওয়া হয়নি তবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া পর্যটকরা আতঙ্কে এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।
সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, ইতালির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনার দক্ষিণ-পূর্ব দিকের একটি বড় অংশ ধসে পড়েছে, যার ফলে সোমবার সেখানকার আকাশে কয়েক কিলোমিটার উচ্চতায় বিশাল অগ্ন্যুৎপাতের মেঘ তৈরি হয়।
ইতালির ভূকম্পন ও আগ্নেয়গিরি গবেষণা সংস্থা (আইএনজিভি) জানিয়েছে, ধসের কারণে ‘পাইরোক্লাস্টিক ফ্লো’ বা বিপজ্জনক গ্যাস, ছাই ও গরম পাথরের দ্রুতগামী ঢল সৃষ্টি হয়। এই ঢল অত্যন্ত উচ্চ তাপমাত্রায় ছুটে চলে এবং প্রাণঘাতী হতে পারে।
সংস্থাটি আরও জানায়, আগ্নেয়গিরির গর্ত থেকে লাভা ফোয়ারাও ছুটে বের হয়। এছাড়া আগ্নেয় কম্পনের মাত্রা বেশ অনেকটা বেড়ে গেছে, যা বিস্ফোরণ আরও বাড়ার ইঙ্গিত দেয়।
অবশ্য এই ঘটনার পর এখন পর্যন্ত কোনও এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি, তবে আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর পর্যটকরা আতঙ্কে দৌঁড়ে পালাচ্ছেন।
মাউন্ট এটনা ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত এবং এটি ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। প্রায়শই এখান থেকে নাটকীয় ও দৃশ্যমান অগ্ন্যুৎপাত হয়ে থাকে। গত কয়েক মাস ধরেই এটনার কম্পন ও অগ্ন্যক্রিয়ায় বাড়তি গতি লক্ষ্য করা যাচ্ছিল।
মূলত সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এটনা ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে সবচেয়ে উঁচু সক্রিয় আগ্নেয়গিরি— যার উচ্চতা প্রায় ৩৩০০ মিটার। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসেও এটনায় জোরালো অগ্নুৎপাত লক্ষ্য করা গিয়েছিল।
এনএইচ