পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান তেহরিকই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বী পিএমএল-এন’র শাহবাজ শরিফকে হারান তিনি। প্রধানমন্ত্রী পদে ইমরান খান ১৭৬ ভোটে জিতেন। তার প্রতিদ্বন্দ্বী শাহবাজ শরিফ পান ৯৬টি ভোট।
নবনির্বাচিত স্পিকার আসাদ কায়সার ভোটের ফলাফল ঘোষণা করলে পিএমএল-এএন’র পার্লামেন্ট সদস্যরা এ ফলাফল প্রত্যাখ্যান করে নওয়াজ শরিফের নামে স্লোগান দেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে জিতে হাসিমুখে তখন দলীয় সদস্যদের অভিনন্দন গ্রহণ করছিলেন ইমরান খান।
আজ শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন ইমরান খান। গত ২৫ জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জিতে ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে গিয়েছিল। শুধু বাকি ছিল ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচিত প্রতিনিধিদের ভোটের এ আনুষ্ঠানিকতা।
ডন নিউজ জানায়, শাহবাজ শরিফের সমর্থনে পাকিস্তান পিপলস পার্টি-পিপিপি চেয়ারপারসন বিলওয়াল ভুট্টো জারদারিকে ভোটদানে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন পিএমএল-এন নেতা এবং সাবেক অ্যাসেম্বলি স্পিকার আয়াজ সাদিক। কিন্তু পিএমএল-এনের সে চেষ্টা ব্যর্থ হয়। শেষপর্যন্ত ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত থেকে সরেননি বিলওয়াল ভুট্টো।
জেড





