ভুটানে ভেঙে পড়েছে ভারতীয় সামরিক বাহিনীর হেলিকপ্টার। এই ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছে, খবর এনডিটিভি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপু‌র ১টার দিকে ভারতীয় সেনাদের হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, অরুণাচল প্রদেশের খিরমু থেকে ওই হেলিকপ্টারটি আকাশে ওড়ার পর, দুপুর ১ টা নাগাদ ইউনফুলার কাছে যোগাযোগ হারিয়ে ফেলে সেটি।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমান আনন্দকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, “ভুটানের ইওনফুলার কাছে দুপুর ১ টায় একটি ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে। হেলিকপ্টারটি বেলা ১১ টার পর রেডিও যোগাযোগ হারিয়ে ফেলে এবং ভিজ্যুয়াল যোগাযোগের বাইরেও চলে গিয়েছিল। এটি খিরমু (অরুণাঞ্চল প্রদেশ) থেকে ইউনফুলায় ডিউটিতে যোগ দিয়েছিল।”

সেনাবাহিনীর মুখপাত্র  আরও বলেন, “গ্রাউন্ড এসএআর (অনুসন্ধান ও উদ্ধার) অভিযানটি ইউনফুলা থেকে তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছিল। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় বিমানবাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারও নামানো হয়েছে।”

একক ইঞ্জিন বিশিষ্ট চিতা নামের ওই সামরিক হেলিকপ্টারটিতে সওয়ার হয়েছিলেন এক ভারতীয় এবং এক রয়্যাল ভুটান আর্মির পাইলট, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হয়েছে যে, তাঁরা কেউই আর বেঁচে নেই। 

পাইলটদের নাম শিগগিরই প্রকাশ করা হবে, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এমবি