শ্রীলংকার নৌবাহিনী রোববার বলেছে, তারা অবৈধভাবে মাছ ধরার কারণে ৭৩ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে। দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যুতে প্রতিবেশী দুটি দেশের মধ্যে তীব্র উত্তেজনা চলার প্রেক্ষাপটে এঘটনা ঘটলো।
শ্রীলংকার নৌবাহিনী বলেছে, তারা রোববার শ্রীলংকার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য ৭৩ মৎস্যজীবীসহ ১৬টি ভারতীয় ট্রলার আটক করেছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গ্রেফতারকৃত মৎস্যজীবীদের পরবর্তী পদক্ষেপের জন্য মৎস্য বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গত সপ্তাহে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজপাকসে এ নিয়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে শ্রীলংকার উত্তর জলসীমা থেকে অবৈধ মাছ শিকারের অভিযোগে গ্রেফতারকৃত ২৯ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তির নির্দেশ দেন।
গত মাসে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালেও রাজাপাকসে অবৈধ মাছ শিকারের বিষয়টি উত্থাপন করেন।
দক্ষিণ ভারতের তামিলনাড়– রাজ্য বার বার শ্রীলংকার নৌবাহিনীর বিরুদ্ধে তাদের মৎস্যজীবীদের হয়রানির অভিযোগ করে দিল্লীকে কলম্বোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
শ্রীলংকা এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভারতীয় মৎস্যজীবীরা প্রায়ই তাদের জলসীমায় ঢুকে পড়ে স্থানীয় মৎস্যজীবীদের তাদের জীবিকা থেকে বঞ্চিত করে।
মোদি-রাজাপাকসে বৈঠককালে উভয়ে অবৈধ মাছ শিকার সংক্রান্ত সমস্যা সমাধানে একটি আনুষ্ঠানিক আলোচনা অব্যাহত রাখতে সম্মত হন। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ০৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]