সাংসারিক সমস্যা থেকে শারীরিক সমস্যা? সংসারে স্বামীকে নিয়ে অশান্তি! দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না! পরকীয়ায় আসক্ত হয়েছেন স্বামী? স্বামীকে বশ করা যাচ্ছে না? কোনো চিন্তা নেই। সোজা চলে আসুন ‘চুমু বাবা’র কাছে! এক চুমুতেই কিস্তিমাত! এই ধরনের প্রচারণা চালিয়ে এত দিন ঠকানো হচ্ছিল নারীদের। 

অবশেষে গ্রেফতার হলেন সেই ‘চুমু বাবা’।

গ্রেফতার হওয়া ‘চুমু বাবা’র কাছে প্রতারণার শিকার লোকজন জানায়, সংসারের যাবতীয় সমস্যা সমাধানের এই চুমুর নাম হচ্ছে ‘চমৎকারী চুমু’। বলা হতো, এই চুমুর এমনই গুণ যে একবার চুমু বাবার কাছে গিয়ে চমৎকারী চুমু খেলেই সব সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে। তবে শর্ত একটাই, ‘চুমু বাবা’র কাছে আসতে হবে শুধু নারীদের।

এমনই রমরমা ব্যবসা ফেঁদে বসেছিলেন ভারতের আসাম রাজ্যের স্বঘোষিত ‘চুমু বাবা’ রামপ্রকাশ চৌহান। কিন্তু চুমু বাবা সেজেও শেষ রক্ষা হলো না। চুমুর অলৌকিক ক্ষমতা তাঁকে পুলিশি গ্রেফতার ঠেকাতে পারল না। এই ‘চুমু বাবা’র ভণ্ডামির হদিস পেয়েই আসাম পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। সেই সঙ্গে ছেলের হয়ে প্রচারণা চালানোর অভিযোগে রামপ্রকাশ চৌহানের মাকেও গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ভারতের আসাম রাজ্যের মরিগাঁও জেলার ভোরালটুপ গ্রামের বাসিন্দা রামপ্রকাশ চৌহান। বয়স ত্রিশের কোঠায়। স্বঘোষিত এই অলৌকিক ক্ষমতাধর ‘চুমু বাবা’ তাঁর আখড়ায় সমস্যা নিয়ে যাওয়া নারীদের জড়িয়ে ধরে চুমু দিতেন, আর তাতেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যেত।

আজব এই চুমুর মাহাত্ম্য ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে গ্রামের পর গ্রাম, এমনকি বহু দূর অবধি। প্রতিদিন দলে দলে নারীরা আসতে থাকে নানা সমস্যা নিয়ে চুমু বাবার ডেরায়। ভক্ত সমাগমের জেরে বাড়ির সামনে ‘চুমু বাবা’র মন্দিরও নির্মাণ করা হয়। আর ছেলের এমন মাহাত্ম্যের কথা রীতিমতো প্রচার করতে শুরু করে দিলেন ‘চুমু বাবা’ রামপ্রকাশ চৌহানের মাও।

শেষমেশ স্থানীয় সংবাদমাধ্যমের কাছ থেকে বিষয়টি জানতে পারে আসাম পুলিশ। তার পরই অভিযান চালিয়ে হাতেনাতে ‘চুমু বাবা’ ও তাঁর মাকে গ্রেফতার করা হয়। বুজরুকির মাধ্যমে নারীদের আলিঙ্গন করে চুমু খাওয়ার অভিযোগে ‘চুমু বাবা’কে যেমন গ্রেফতার করা হয়, তেমনি ছেলের এই ভণ্ডামি ব্যবসায় সাহায্য করার জন্য ‘চুমু বাবা’র মাকেও গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় মারিগাঁওয়ের পুলিশ অধিকর্তা জে বরা জানিয়েছেন, অভিযুক্ত ‘চুমু বাবা’ রামপ্রকাশ চৌহানের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন রকমের সমস্যা দূর করে দেওয়ার নামে নারীদের জড়িয়ে ধরে চুমু খাওয়ার মাধ্যমে যৌন লালসা পূরণ করতেন তিনি। সে অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

এমবি