ভেঙে পড়ল চার তলা ভবন, আশঙ্কা করা হচ্ছে ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে আছেন এই ধ্বংসাবশেষের নিচে। ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দুপুরে, ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের জন বহুল এলাকা ডোঙ্গরির খুব কাছে। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৮ জনকে। ধ্বংসস্তূপের নিচে ১২টি পরিবারের অন্তত ৪০ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী (এনডিআরএফ)। তবে সরু গলি হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ হতে হচ্ছে উদ্ধারকর্মীদের। আটকে পড়া বাসিন্দাদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
গত কয়েকদিনের ভারি বর্ষণে শতবর্ষ পুরানো ভবনটি নাজুক হয়ে পড়েছিলো। এরই একপর্যায়ে ভেঙ্গে পড়ে ভবনটি।
একজন এলাকাবাসী বলেন, প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর ঝড়ো বাতাস বইছিলো। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই আমরা। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। তাই সবাই দৌড়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েছিলাম। পড়ে দেখি আমাদেরই পাশের বাড়িটা ধসে পড়েছে।
আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
একজন সরকারি কর্মকর্তা বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমরা উদ্ধার তৎপরতা আরও বেগবান করার চেষ্টা করছি। এখন পর্যন্ত কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের আশঙ্কা, এখনও বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন।
৯০ থেকে ১০০ বছরের পুরানো ভবনটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার নোটিশ দেয়া হয়েছিল বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এএস





