[b]ভ্যাটিকান:[/b] গির্জার তত্ত্বাবধানে থাকা শিশুরা যাজকদের যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে জাতিসংঘের জেরার মুখোমুখি হয়েছে ভ্যাটিকান।
সুইজারল্যান্ডের জেনেভায় শিশু অধিকার বিষয়ক জাতিসংঘ কমিটি বৃস্পতিবার এ অভিযোগ নিয়ে শুনানি অনুষ্ঠান করেছে। এতে কঠিন সব প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389937479.jpg[/img]
রোমান ক্যাথলিক চার্চ ভবিষ্যতে শিশু যৌন নির্যাতন রোধে কি কি পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেয়া এবং শিশু নির্যাতন সংক্রান্ত তথ্য প্রকাশ না করতে চাওয়ার কারণসহ আরো নানা প্রশ্নের জবাব চাওয়া হয় শুনানিতে।
জাতিসংঘ সদস্য না হলেও জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কনভেনশনে স্বাক্ষরকারী হিসাবে ভ্যাটিকানকে বেশ খতিয়েই জেরা করা হয় কমিটিতে।
জেরার মুখে কর্মকর্তারা বলেন, তারা চার্চের সঙ্কট থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে নির্যাতন রোধের ব্যবস্থাও নিয়েছেন। তবে নির্যাতনের শিকার হওয়াদের পক্ষে যারা লড়ছেন তারা এক্ষেত্রে স্বচ্ছতা এখনো খুবই কম বলে অভিযোগ করেছেন।
জাতিসংঘ কনভেনশনে শিশু অধিকার সংরক্ষণ এবং তাদেরকে সহিংসতা ও যৌন অপব্যবহার থেকে সুরক্ষা দেয়াটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
এদিক থেকে গির্জা পরিচালিত বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠানে ক্যাথলিক যাজকদের হাতে শিশু যৌন নির্যাতনের ব্যাপক অভিযোগের প্ররিপ্রেক্ষিতে শিশুদেরকে রক্ষায় ভ্যাটিকানের দায়দায়িত্বের বিষয়টি নিয়ে কমিটিতে প্রশ্ন তোলা হয়।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389937581.jpg[/img]
তাছাড়া, কনভেনশনে সই করার কারণে ভ্যাটিকান জাতিসংঘ শিশু অধিকার বিষয়ক কমিটিতে শিশু নির্যাতনের বিষয়টি নিয়ে উদ্বেগ সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেয়াসহ শিশু অধিকার রক্ষায় কি ব্যবস্থা নেয়া হচ্ছে সে সম্পর্কিত তথ্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কিন্তু গত ডিসেম্বরে ভ্যাটিকান শিশু যৌন নির্যাতন সম্পর্কে তাদের নিজস্ব তদন্তে বেরিয়ে আসা তথ্য জাতিসংঘ কমিটিকে না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে অনেকের বিরাগভাজন হয়েছে।
শিশু অধিকার নিয়ে কাজ করে যাওয়া একটি সংগঠন ভ্যাটিকানের এ পদক্ষেপ নির্লজ্জ এবং অগ্রহণযোগ্য বলে সমালোচনা করে।
এখন ভ্যাটিকান প্রকাশ্যে জবাবদিহিতার মুখোমুখি হওয়ায় যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের আশা, এর মধ্য দিয়ে চার্চ এ বিষয়টি নিয়ে তাদের রাকঢাক বন্ধ করবে।