ভারতজুড়ে দৈনিক প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন। এ নিয়ে এখনও অবধি করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৪ জন। এর ফলে মোট আক্রান্তের নিরিখে আমেরিকার পরই রয়েছে ভারত। খবর ভারতীয় মিডিয়ার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালযয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন। গতকালের থেকে প্রায় ছ’হাজার বেশি। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪২ হাজার ৭৮৭ ও ৩৩ হাজার ৪১৩। গত দু’মাস ধরেই ওই দু’টি দেশের তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি।
মোট আক্রান্তের নিরিখে আমেরিকার পরই রয়েছে ভারত। দেশেটিতে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৪ জন। সেখানে বিশ্বের আক্রান্তের তালিকায় প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৭২ লক্ষ ৩২ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৮ লক্ষ ১০ হাজার।
ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার শুরু থেকেই আশাব্যাঞ্জক। এখনও পর্যন্ত দেশে মোট ৫২ লক্ষ ৭৩ হাজার ২০১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮৩ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৭৬ জন। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ন’লক্ষ ৪০ হাজার ৭০৫ জন।
প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গতকালের থেকে আজ তা কিছুটা কমে হয়েছে ৬.১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ২৩ হাজার ৫২ জনের। যা গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি।
আমেরিকা ও ইউরোপের দেশগুলির তুলনায় ভারতে মৃত্যুর হার কম হলেও, ইতিমধ্যেই মোট মৃত্যু ৯৫ হাজার ছাড়়িয়েছে এবং দিন দিন তা বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে এক হাজার ১৮১ জনের। এ নিয়ে দেশে মোট ৯৮ হাজার ৬৭৮ জনের প্রাণহানি ঘটিয়েছে করোনা। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৩৬ হাজার ৬৬২ জন।
দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ন’হাজার ৫২০। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা আট হাজার ৮৬৪। অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে পাঁচ হাজার ৮২৮ জনের। উত্তরপ্রদেশ (৫,৭৮৪) ও দিল্লিতে (৫,৩৬১) মোট মৃত্যু বেড়ে চলেছে।
পশ্চিমবঙ্গ (৪,৯৫৮), গুজরাত (৩,৪৫০), পঞ্জাব (৩,৪০৬) ও মধ্যপ্রদেশ (২,৩১৬) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। রাজস্থান, হরিয়ানা, তেলঙ্গানা ও জম্মু ও কাশ্মীরের মোট মৃত্যুও এক হাজার ছাড়িয়ে গিয়েছে। এর পর তালিকায় রয়েছে বিহার, ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, অসম, কেরল, উত্তরাখণ্ড, পুদুচেরী, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলি।
এমবি





