পাকিস্তানী হেলিকপ্টার গানশীপ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার বিভিন্ন জঙ্গি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩০ বিদ্রোহী নিহত হয়েছে। এদিকে সামরিক বাহিনীর স্থল অভিযানের আশংকায় ওই এলাকা থেকে পালিয়ে যাওয়া লোকের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।
সামরিক বাহিনী জানায়, শনিবার ভোরে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আধা-স্বায়ত্ত্বশাসিত উপজাতীয় অধ্যুষিত অঞ্চল খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন জঙ্গি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এতে ৩০ বিদ্রোহী নিহত হয়েছে। এ দুটি অঞ্চল পাকিস্তানী তালেবানের গুরুত্বপূর্ণ ঘাঁটি।
এক বিবৃতিতে বলা হয়, রাত দুইটার দিকে পাক-আফগান সীমান্তবর্তী খাইবার এলাকায় জঙ্গিদের দুটি গোপন আস্তানা ধবংস করে দেয়া হয়। এসময় ১০ সন্ত্রাসী নিহত হয়। এছাড়া উত্তর ওয়াজিরিস্তানের হাসু খেল এলাকায় ভোর পাঁচটার দিকে বিদ্রোহীদের তিনটি গোপন আস্তানা ধবংস করে দেয়া হয়। এ সময় ২০ বিদ্রোহী নিহত হয়।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, গত রোববার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২শ’ ৮০ বিদ্রোহী নিহত হয়েছে। তবে নিহতদের সংখ্যা বা পরিচয় নিরপেক্ষভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
গত সপ্তাহে করাচি বিমান বন্দরে বিদ্রোহীদের রক্তক্ষয়ী ও আকস্মিক হামলার পর এ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান।
এদিকে অভিযানের ফলে দলে দলে বেসামরিক লোকজন উত্তর ওয়াজিরিস্তান থেকে পালিয়ে পাকিস্তানের বান্নু, পেশোয়ার ও কোহাট নগরী এবং আফগান সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে।
পালিয়ে যাওয়া লোকের সংখ্যা আরো বাড়তে পারে। অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তানে কারফিউয়ের কারণে দুই লাখেরও বেশি আটকা পড়েছে। কারফিউ চলাকালীন সেখানে দেখা মাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এএফপি।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





