রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে এবার আঁটঘাট বেঁধেই নামছেন তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও ডেমোক্র্যাট দল।


আগামী গ্রীষ্মে প্রায় ছয় সপ্তাহ সময় ব্যাপী ওহাইয়ো, ফ্লোরিডা ও নেভাডার মতো গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে ট্রাম্প বিরোধী প্রচারণা চালানোর জন্য প্রায় ৪১ মিলিয়ন মার্কিন ডলার বা ৩২১ কোটি টাকা ব্যয়ে টেলিভিশন বিজ্ঞাপন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে হিলারি ও ডেমোক্র্যাট দল।


বিজ্ঞাপনের বার্তাগুলো কয়েক’শ ক্লিনটন ক্যাম্পেইনার সংশ্লিষ্ঠ স্টেটগুলোতে প্রচার করতে থাকবে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাট নেতারা ওই বার্তাগুলো সম্প্রসারণ করবেন।


প্রতিপক্ষের এহেন রণপ্রস্তুতি দেখে অবশ্য ট্রাম্পও চুপচাপ বসে নেই। যদিও এখন পর্যন্ত ট্রাম্প ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রচার করার কোনো পরিকল্পনা নেই। তবে তারা বিভিন্ন স্টেটে নিজেদের কর্মী নিয়োগ করছে।


অন্যদিকে, রিপাবলিকান দলের সিনিয়র নেতারা ট্রাম্পকে থামানোর উপায় নিয়ে চিন্তা-ভাবনা করছেন। এই বিলিয়নিয়ার ব্যবসায়ী ইতিমধ্যেই তার বিভক্তিমূলক উগ্র বক্তৃতার মাধ্যমে রিপাবলিকানদের যথেষ্ঠ ক্ষতিসাধন করেছেন। এই ক্ষতি আর বাড়তে দিতে চান না রিপাবলিক নেতারা।

জেড