ভারত নিয়ন্তিত জুম্মু ও কাশ্মিরে নির্বাচিত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে সরকারবিহিন হয়ে পড়ায় গভর্নরের শাসন জারি করা হয়েছে।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জম্মুর গভর্নর হাউসের (রাজভবন) মুখপাত্র বলেছেন, “প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর গভর্নর এনএন ভোহরা শনিবার রাজ্যে গভর্নরের শাসন জারি করে একটি প্রজ্ঞাপন ইস্যু করেছেন।

“প্রেসিডেন্টের (ভারতীয়) সম্মতিক্রমে জম্মু ও কাশ্মিরের সংবিধানের আর্টিকেল ৯২(১) ধারা অনুযায়ী ৮ জানুয়ারি, ২০১৬ থেকে গভর্নরের শাসন কার্যকর হবে।”

এর আগে রাজ্য প্রশাসনের কয়েকটি সূত্র বার্তা সংস্থা আইএএনএসকে গভর্নর শাসন জারি হওয়ার কথা জানালেও রাজ ভবনের সূত্রগুলো তখনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে খবরটি নিশ্চিত করতে রাজি হয়নি।

সাঈদের মৃত্যুর পর পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার কন্যা জোট নেতা মেহবুবা মুফতিকে রাজ্যটির নতুন মুখমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

কিন্তু বাবার মৃত্যুর পর চারদিন পার হওয়া না পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন মেহবুবা।

বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়া দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাঈদ।

গভর্নরের শাসন জারি করার আগে ভোহরা শুক্রবার সন্ধ্যায় রাজ্য সরকার গঠনে তাদের অবস্থান ‘জরুরি ভিত্তিতে’ জানানোর জন্য পিডিপি ও বিজেপি বরাবর ফ্যাক্স করে চিঠি পাঠিয়েছিল।

এমবি