ভারতের মহারাষ্ট্রে গত চার বছরে ১২ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছে। এ হিসেব করলে দিনে ৮ জন করে কৃষক আত্মহত্যা করেছে ভারতের মহারাষ্ট্রে।

শুক্রবার এক লিখিত প্রশ্নের জবাবে বিধানসভাকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী সুবাস দেশমুখ।

তিনি জানান, গত জানুয়ারি ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত এই হিসাব করা হয়। ৪ বছরে মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটে মোট ১২ হাজার ২১টি। যাদের মধ্যে ৬ হাজার ৮৮৮ জন সরকারি সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় জেলা পর্যায়ের বাছাই কমিটির অনুসন্ধানে। বিবেচিতদের ১ লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়।

তিনি আরও বলেন, নিহতদের মাত্র ৫৭ শতাংশ সরকারি সহায়তার জন্য বিবেচিত হয়েছে। কৃষকদের এই আত্মহত্যা রোধ করার জন্য সরকারের পক্ষ থেকে খামার ঋণ ক্ষমা প্রকল্প চালু করা হয়েছে। দুর্যোগের সময় প্রয়োজনীয় পানি সংরক্ষণ ও পানি সেচের ব্যবস্থা করা হয়েছে।

যদিও এই বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিজেপিকে কঠিনভাবে দায়ী করা হচ্ছে। তাদের মতে, সরকার সঠিকভাবে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারে নাই বিধায় কৃষকরা এখনো আত্মহত্যা করছে। অধিকাংশ ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করছে।

সুবাস দেশমুখ আরও বলেন, এই বছরের প্রথম তিন মাসে ৬১২ জন কৃষক আত্মহত্যা করে মহারাষ্ট্রে। যাদের মধ্যে ১৯২ জন সরকারি সহায়তার জন্য বিবেচিত হয়।

ভারতের কৃষক আত্মহত্যার বিষয় নতুন কিছু নয়। মোদির গত শাসনামলে নয়াদিল্লি অভিমুখে রোডমার্চ করে কৃষকরা। অনেকে ইদুর খেয়ে বা গাঁয়ে আগুন দিয়ে অথবা আত্মহত্যা করে প্রতিবাদ জানায়। কিন্তু তাতেও তাদের সমস্যাগুলো যথাযথ সমাধানে ব্যর্থ মোদি সরকার। এ নিয়ে দেশব্যাপি বর্তমানে কঠিন সমালোচনার মুখে দলটি।

জেড