ভারতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অবৈধভাবে মজুদ করে রাখা বিস্ফোরকের মালিককে গ্রেফতারে পুলিশ পুরস্কার ঘোষণা করেছে। জনাকীর্ণ একটি রেস্তোরাঁয় ওই বিস্ফোরণে ৮৮ জন প্রাণ হারায়। এ মর্মান্তিক ঘটনার পর থেকেই মালিক পলাতক রয়েছে। সোমবার এক কর্মকর্তা একথা জানান।
পুলিশ শনিবারের এ বিস্ফোরণের পর থেকেই ব্যবসায়ী রাজেন্দ্র কাসাওয়াকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। বিস্ফোরণে মধ্য প্রদেশ রাজ্যের ওই রেস্তোরাঁ লন্ডভন্ড হয়ে যায়। অফিস কর্মী ও স্কুল শিক্ষার্থীরা সকালের নাস্তা করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় এ রেস্তোরাঁ চত্ত্বরের কাছে একটি বাসস্ট্যান্ডে অনেক শ্রমিক অপেক্ষা করছিল। পেটলাওয়াদ শহরে ওই বিস্ফোরণ স্থলের পার্শ্ববর্তী অনেক ভবন বিধ্বস্ত হয়।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভারতের সবচেয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় ৮৮ জন নিহত ও প্রায় ১শ’ জন আহত হয়।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সীমা আলভা জানান, এ ঘটনার পর মজুদ বিষয়ক আইন প্রয়োগে ব্যর্থতার জন্য এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আলভা এএফপিকে বলেন, ‘আমরা এ বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে তথ্য সরবরাহকারীকে নগদ এক লাখ রুপী পুরস্কার দেয়ারও ঘোষণা দিয়েছি।’
পুলিশ জানায়, বিস্ফোরণের পর থেকেই কাসাওয়া পলাতক রয়েছে।
জেডআই





