পাকিস্তানের চেয়ে ভারত সবসময়ই এক ধাপ এগিয়ে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আর্মি জেনারেল (অবসরপ্রাপ্ত) গুলাম মুস্তাফা।
রবিবার তিনি বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ঘটনাই হোক, বা সেনা মুভমেন্ট-সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ভারত।
তার মন্তব্য, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাতেও বেশ পিছিয়ে রয়েছে পাকিস্তান। আর সেখানেই ভারতের কাছে বারবার পিছিয়ে পড়ে তারা।
সাবেক সেনাকর্তার এমন মন্তব্যে বেশ শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তানজুড়ে। এতে বিপাকে পড়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা।
এক পাকিস্তানি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গুলাম মুস্তাফার দাবি, ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি নিয়ে এখন হইচই করলেও আগে থেকে ভারতের পদক্ষেপ সম্পর্কে কোনও ধারণাই করতে পারেনি পাকিস্তান, তার কারণ তাদের মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে। কোনও কিছুর ভবিষ্যত নিয়ে পাকিস্তান ভাবে না।
এদিন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ইস্যু নিয়ে বক্তব্য রাখেন গোলাম মুস্তাফা। তিনি বলেন, পাকিস্তান এ রকম করে ভাবতেই পারবে না। তাদের চিন্তাভাবনার সংকীর্ণতাই বেশ কয়েক ধাপ পিছিয়ে দিয়েছে ভারতের থেকে।
এদিন তার বক্তব্যে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, ওই যুদ্ধে পাকিস্তানের পরাজয় অবশ্যম্ভাবী ছিল। কারণ, ভারত যেভাবে হামলা চালিয়েছিল, পাকিস্তান একেবারেই তার জন্য প্রস্তুত ছিল না। লাহোর ও শিয়ালকোটের অদূরেই শুরু হয়েছিল যুদ্ধ। তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি, নিউজ ন্যাশন।
এবিসিদ্দিক





