পাকিস্তানের কোহিস্তান জেলায় বৃষ্টির কারণে সৃষ্ট ব্যাপক ভূমি ধসে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে জেলার পাহাড়ি এলাকার নুল্লাহ বাড়িতে সোমবার এ ভূমি ধসের ঘটনা ঘটে।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। তবে অধিক ভূমিধসের কারণে এখনও উদ্ধার তৎপরতা শুরু করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ফজল-ই-খালিক বলেন, সম্প্রতি টানা বর্ষণে ভূমি ধসে এবং আশপাশের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা চালানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ জন্য খাইবার পাখতুনখোয়ার কর্তৃপক্ষকে উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার পাঠানোর অনুরোধ করা হয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ভূমি ধস ও অতি বৃষ্টির ঘটনায় কারাকোরাম হাইওয়ের মানসেরা ও কোহিস্তানের বিভিন্ন স্থানে অবরুদ্ধ রয়েছে। এজন্য উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি বলেন, কোহিস্তানে বিভিন্ন প্রজেক্টে কর্মরত জার্মান, চীন ও দক্ষিণ কোরিয়ার ২৬ নাগরিক নিরাপদে আছেন। সম্প্রতি অতিবৃষ্টির কারণে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ব্যাপক ভূমি ধসের ঘটনা ঘটেছে। এতে অনেকের প্রাণহানি ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। ডন।
এআই





