ইরানের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে বিশ্বে অকল্পনীয়ভাবে তেলের দাম বেড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তবে ইরানকে মোকাবিলায় সামরিক পন্থার চেয়ে রাজনৈতিক উপায়কে প্রাধান্য দিচ্ছেন বলে জানান যুবরাজ। তিনি বলেন, ‘সৌদি আরব ও ইরানের মধ্যে যুদ্ধ হলে পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে।’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধ এড়িয়ে রাজনৈতিক পথে এগোনোর কথা বলেন।
ইরান প্রসঙ্গে সৌদি যুবরাজ বলেন, ‘যদি বিশ্বনেতারা ইরানকে মোকাবিলায় বলিষ্ঠ ভূমিকা না নেন, তবে দাম আরো বাড়বে। এতে গোটা বিশ্বের স্বার্থহানি ঘটবে। তেলের দাম অকল্পনীয় হারে বাড়বে, সেটা এতটাই বাড়বে যা আমরা জীবদ্দশায় এতটা কখনোই দেখিনি।’
ওই সাক্ষাৎকারেই তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন যুবরাজ। রাষ্ট্রনেতা হিসেবে এ ঘটনার দায় তাঁর ওপরও বর্তায় বলে প্রথমবারের মতো স্বীকার করেন মোহাম্মদ বিন সালমান।
গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি বড় তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেলের বিশ্ববাজার ক্ষতিগ্রস্ত হয়। ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠীর দাবি, তারাই এ হামলা চালিয়েছে।
কিন্তু সৌদি আরবসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এ হামলার জন্য ইরানকে দায়ী করে সমালোচনা করে আসছে। আর ইরান এ দাবি প্রত্যাখ্যান করেছে শুরু থেকেই।
এএস





