পাকিস্তানে একটি বাঁধ নির্মাণ প্রকল্পের অন্ততপক্ষে ২০ কর্মীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

শুক্রবার রাতে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরের কাছে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

বন্দুকধারীরা প্রকল্পের আট নিরাপত্তাকর্মীকে পরাজিত করে প্রকল্প এলাকার ভেতরে প্রবেশ করে ওই শ্রমিকদের গুলি করে। হামলার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।

এদিকে বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী এবং এই প্রদেশে সেনাবাহিনীর নির্মাণ প্রকল্পে কর্মরতরা তাদের হামলার লক্ষ্য।’

নিহত সবাই বেলুচিস্তানের বাইরে থেকে আসা শ্রমিক বলে নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, হামলার ধরন বিবেচনায় এটিকে সুপরিকল্পিত হত্যা বলে সন্দেহ করছেন তারা।

জেআই