জম্মু-কাশ্মিরের সাম্বা জেলায় একটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র উত্তেজনা দেখা দেয়ায় সেখানে কারফিউ জারি করা হয়েছে। ক্ষুব্ধ জনতা পুলিশের প্রতি পাথর নিক্ষেপ ও যানবাহনে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে স্ট্যান্ডবাই অবস্থায় রাখা হয়েছে। রাতে সাম্বা থেকে জম্মু এবং জম্মু থেকে সাম্বাগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। জেলার সমস্ত স্কুল কলেজ আজ (শুক্রবার) বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের এডিপিওসহ ৭ পুলিশ কর্মীর পাশাপাশি এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে।

সংবাদে প্রকাশ, জম্মু-কাশ্মিরের সাম্বা জেলার এক গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এক খালের পাশে একটি গরুর মাথা কাটা দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে ওঠে। এ ঘটনায় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে স্লোগান দিতে থাকে এবং জম্মু-কঠুয়া জাতীয় সড়ক বন্ধ করে দেয়।

রাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের উপর পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। তারা সড়কের উপর দাঁড়িয়ে থাকা যানবাহনে আগুন ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। বিজয়পুরের কাছে জাতীয় সড়কে সাম্বার জেলা প্রশাসক শীতল নন্দার গাড়িতেও আগুন ধরিয়ে দেয় তারা।

জম্মুর ডেপুটি কমিশনার পবন কোতোয়াল বলেন, কতিপয় দুর্বৃত্ত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এমআর