বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। আর এই মহামারিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৬ লাখ ছাড়িয়ে গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ (১৮ অক্টোবর) রোববার সকাল ১০টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১১ লাখ ৮ হাজার ৭৮৫ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। রোববার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৭৬৩ জন।
আজ (১৮ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৩৯৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (১৮ অক্টোবর) রোববার রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৫ হাজার ৮৮৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৮৫ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৩২ হাজার ৬৮০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৯৮ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান দশ নম্বরে। মেক্সিকোতে আজ (১৮ অক্টোবর) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ১০৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৫৯ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে। তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১১তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮ হাজার ২৯৮ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৬৬৯ জনের।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৪৬ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২০৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬০ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এমবি





