থাইল্যান্ডে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।  বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে সেনাবাহিনী এ ঘোষণা দেয়। বিবিসি অনলাইন ও রয়টার্সের খবরে বলা হয়, সরকারবিরোধী বিভিন্ন দলের সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান এ ঘোষণা দেন। ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চান-ওছা বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক পুনর্গঠনে কাজ করবে। তিনি বলেন, ‘দেশের স্বাভাবিক অবস্থা ও শান্তি ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো বিনির্মাণের স্বার্থে সেনাবাহিনী ক্ষমতা দখলে বাধ্য হল।’ এ ঘোষণার কিছু সময় আগে সেনা সদস্যরা সরকারবিরোধী নেতা সুথেপ থউগসুবানকে গ্রেফতার করে। এছাড়া গতকাল দেশটিতে সামরিক আইন জারি করে সেনাবাহিনী। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে সহিংসতা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়। তবে কোনো ধরনের অভ্যুত্থানের সম্ভাবনাকে তখন নাকচ করে দিয়েছিল সেনাবাহিনী। [b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]